Showing posts with label বিভাগীয় সংবাদ. Show all posts
Showing posts with label বিভাগীয় সংবাদ. Show all posts

Wednesday, December 20, 2017

রংপুরে ভোট শুরু

রংপুরে ভোট শুরু


স্বদেশবার্তা ডেস্কঃ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয়েছে। সকাল ৮টা থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১১২২টি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে বলে আশা করছে নির্বাচন কমিশন। এটি এই সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন।

ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গত ৫ নভেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গত ৪ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। কাউন্সিলর পদে ২১১ জন, সংরক্ষিত আসনে ৬৫ জন এবং মেয়র পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে প্রধান তিন দলের মেয়র প্রার্থী আওয়ামী লীগের সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু (নৌকা), বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা (ধানের শীষ) ও জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফার (লাঙল) মধ্যেই মূল লড়াই হবে বলে  ধারণা করা হচ্ছে। তাদের পক্ষে নিজ নিজ দলের কেন্দ্রীয় নেতারাও রংপুরে প্রচার প্রচারণা চালিয়েছেন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার জানান, ১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। নির্বাচন নিয়ে কোনও ধরনের আশঙ্কা নেই।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নগরীতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বহিরাগতদের নগরী ছেড়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রংপুর নগরীর সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি সংস্থা, সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

Sunday, December 17, 2017

ছিনতাইকারীর আক্রমনে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ছিনতাইকারীর আক্রমনে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

স্বদেশবার্তা ডেস্কঃ রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ সড়কে ছিনতাইকারীদের খপ্পরে পড়ে মায়ের কোল থেকে পড়ে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ছিনতাইকারীরা সড়কে এক নারী রিকশাযাত্রীকে একা পেয়ে তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। ব্যাগের সঙ্গে মায়ের কোলে থাকা শিশুও রাস্তায় পড়ে যায়। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার ভোরে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন দয়াগঞ্জ এলাকা এ ঘটনা ঘটে। শিশুটির নাম আরাফাত। সে শরীয়তপুরের শাহ আলম ও আকলিমা বেগম দম্পতির ছেলে।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শিশুর মা আকলিমা ও বাবা শাহ আলম। তাদের বাড়ি শরীয়তপুর জেলায়। ভোরে লঞ্চযোগে শরীয়তপুর থেকে ঢাকায় আসছিলেন তারা। অসুস্থ অপর সন্তান আল আমিনের (২০) চিকিৎসার জন্য ঢাকায় আসেন তারা।

এ ব্যাপারে মা আকলিমা সাংবাদিকদের বলেন, ছেলে আল আমিনের চিকিৎসার জন্য ঢাকায় আসা। লঞ্চ থেকে বাবা শাহ আলম বড় ছেলে আল আমিনকে নিয়ে শিশু হাসপাতালে যায়। আমি আরাফাতকে নিয়ে রিকশাযোগে শনির আখড়ায় বোন মাকসুদার বাসায় রওনা হই। রিকশা দয়াগঞ্জে পৌঁছলে ২-৩ জন ছিনতাইকারী হঠাৎ দৌড়ে এসে ভ্যানিটি বেগ ধরে টান মারে। কিছু বুঝে উঠার আগেই ব্যাগের সঙ্গে কোল থেকে পড়ে যায় আমার আরাফাত।

মা আকলিমা বলেন, এক সন্তানকে বাঁচাতে এসে আরেক সন্তানকে হারাবো ভাবতে পারিনি। ওরা আমার শুধু ব্যাগ নিলেও আফসোস ছিল না। কিন্তু ওরা আমার বুকের ধনও কেড়ে নিলো!

এ ব্যাপারে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছি।